ঢাকা।। জাতীয় সংসদ ভবনের সামনে পায়রা ও বেলুন উড়িয়ে সোমবার(২মার্চ) জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দেশে দ্বিতীয়বারের মতো দিবসটি পালিত হচ্ছে। এবার দিবসটির প্রতিপাদ্য হল ‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’।
সকাল সাড়ে ৮টার দিকে দিবসটির উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। এ উপলক্ষে একটি র্যালিটি সংসদ ভবনের সামনে থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে গিয়ে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী, কবিতা খানম, নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীরসহ সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী।
এদিকে মুজিববর্ষ উপলক্ষে নতুন ভোটারদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সরবরাহ শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। তবে সীমিত আকারে এই কার্যক্রম শুরু করা হবে। ধীরে ধীরে তা বাড়ানো হবে বলে জানিয়েছে ইসি।