
ইবি সংবাদদাতা।। ‘দূর্নীতিমুক্ত আইনের শাসন, প্রতিষ্ঠা করবে লোক প্রশাসন’ স্লোগানে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) লোকপ্রশাসন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার বেলা ১২ টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে লোক প্রশাসন বিভাগের আয়োজনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে বিভাগ সম্পর্কিত ডকুমেন্টারি প্রদর্শন, লোক প্রশাসন দিবস উপলক্ষে অনুষ্ঠিত ইনডোর গেমস এবং বিভাগে সর্বোচ্চ ফলধারী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।
এসময় বিভাগের সভাপতি অধ্যাপক ড. জুলফিকার আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা। সম্মানিত অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নাসিম বানু।
অনুষ্ঠানে বিভাগের শিক্ষার্থী সোহান সাদিক ও শাম্মি আক্তার অন্তরার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিভাগের অধ্যাপক ড. রাকিবা ইয়াসমিন। এছাড়াও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মামুন, প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল সাড়ে ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবন থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় মিলনায়তনে এসে মিলিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথিএ বক্তব্যে উপ-উপাচার্য ড. শাহিনুর রহমান বলেন, ‘মানুষের ব্যাক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন সুশাসন প্রতিষ্ঠা করা। দেশ পরিচালনায় আমলাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ । আর একজন দক্ষ আমলা তৈরিতে এই লোক প্রশাসন বিভাগের গুরুত্ব অনেক বেশি। এই বিভাগের শিক্ষার্থীরা তাদের মেধার স্বাক্ষর রেখে দেশ বিদেশে ছড়িয়ে পড়ুক এটাই প্রত্যাশা কামনা করি।’
আলোচনা অনুষ্ঠান শেষে বিভাগীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে পিঠা উৎসব, পরিচ্ছন্নতা অভিযান, দেয়ালিকা উম্মোচন ও ইনডোর গেমসের আয়োজন করে বিভাগটি।