আজহারুল ইসলাম।। ‘বঙ্গবন্ধুর ৭ই মার্চের ১৯ মিনিটের ভাষণে বাঙালি জাতির ম্যাগনাকার্টা। এ ভাষণ বাঙালি জাতির অনন্তকালের বাতিঘর। যে ভাষণ বাঙালি জাতিকে মহাসমুদ্রে ধ্রুবতারার মত এগিয়ে নিয়ে গিয়েছে।’ বলে মন্তব্য করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। শনিবার ৭ মার্চ উপলক্ষ্যে আয়োজিত র্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরো বলেন, ৫শ’ বছরের শ্রেষ্ঠ ভাষণগুলোর মধ্যে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ অন্যতম। এই ভাষণে মহান স্বাধীনতা সংগ্রামের বীজ অঙ্কুরিত হয়ে পরিস্ফুটিত হয়েছিল এবং এখানেই স্বাধীনতার মূলমন্ত্র লুকায়িত ছিল। সাড়ে ৭ কোটি মানুষ ২৩ বছরে যে গোলামি করেছে বঙ্গবন্ধু একা এর থেকে উত্তোরণ ঘটিয়ে বাঙালি জাতিকে ধ্রবতারার মতো এগিয়ে নিয়ে গিয়েছে। বঙ্গবন্ধুর ৭ই মার্চের এই ভাষণ হৃদয়ে, মননে, চেনতায় ধারণ করলে বাঙালি জাতি কখনোই পথহারা কিংবা পথভ্রষ্ট হবেনা। এছাড়াও কোন প্রকার দুঃখ, দুর্দশায় নিমজ্জিত হবেনা।
দিবসটি উপলক্ষে বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে উপচার্যের নেতৃত্বে প্রশাসন ভবনের সামনে থেকে এক র্যালি বের হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে এসে মিলিত হয়। এসময় প্রশাসন মুজিব ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ। এছাড়াও প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. সাইদুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনাসভা সঞ্চালনা করেন বিশ^বিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মাহবুবর রহমান।