চবি সংবাদদাতা।। অনুমতি না নিয়ে পাহাড় কাটার দায়ে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসনকে ৯ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে চট্রগ্রাম পরিবেশ অধিদপ্তর। এসময় জরিমানা করা হয় আরও তিন প্রতিষ্ঠানকে ।
সোমবার (৯ মার্চ) পরিবেশ অধিদফতর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে এ-সংক্রান্ত শুনানি শেষে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয় বলে জানিয়েছেন পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক জমির উদ্দিন।
তিনি বলেন, পাহাড় কাটার দায়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারকে ৯ লাখ ৫ হাজার টাকা, শেরেবাংলা ফার্নিচার মার্ট ও হানিফ এন্টারপ্রাইজকে ১ লাখ ৬০ হাজার টাকা করে ৩ লাখ ২০ হাজার টাকা এবং পরিবেশগত ছাড়পত্রের শর্ত ভঙ্গের কারণে সনি আইসক্রিম ফ্যাক্টরিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপ-পরিচালক জানান, সংবাদ পেয়ে আমরা সরেজমিনে দেখে এসেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাছ ও পাহাড় কাটা হয়েছে। তাই গত ২৬ ফেব্রুয়ারি অনুমতি ছাড়া পাহাড় কাটার অভিযোগে চবি প্রশাসন ও দুই কাঠ ব্যবসায়ীকে কারণ দর্শানোর নোটিশ পাঠায় পরিবেশ অধিদফতর। এ বিষয়ে ৯ মার্চের মধ্যে কেন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে তার জবাব দিতে বলা হয়েছিল।