নিজস্ব প্রতিবেদক।। সাভারের আশুলিয়ায় ভূমি দস্যুতা, জবরদখল ও ভয়ভীতি প্রদর্শনসহ নানা অভিযোগে এক জামায়াত নেতার বিরুদ্ধে মানববন্ধন করেছেন নিপীড়িত এলাকাবাসী।শুক্রবার দুপুরে আশুলিয়ার কুঁরগাও-নবীনগর শাখা সড়কে এই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয় এলাকার ভুক্তভোগী ও সাধারণ মানুষ।
মানববন্ধনে অংশ নিয়ে ভুক্তভোগীরা অভিযোগ করেন, বিএনপি-জামায়াত সরকার আমলে কুঁরগাও এলাকার চিহ্নিত জামায়াত নেতা হাবিবুর রহমান সাধারণ মানুষদের নানা ভাবে অত্যাচার চালাতো। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় নাশকতা ও জবরদখলের অভিযোগে পৃথক মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। তারপরও এলাকায় অসহায় মানুষের জমি জবরদখল করে ভোগ করছে জামায়াত নেতা হাবিব ও তার লোকজন।
কেউ প্রতিবাদ করলে হাবিব তাকে হুমকি প্রদানসহ নানা ভাবে হয়রানি করে আসছে বলে অভিযোগ এলাকাবাসীর। তাই দ্রুত জামায়াত নেতা হাবিবকে আইনের আওতায় এনে তার শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। কুঁরগাও এলাকার বাসিন্দা হতদরিদ্র শিরিন আক্তার নামে এক নারী বলেন, অনেক আগে কুঁরগাও এলাকায় জমানো টাকা দিয়ে ১৩ শতাংশ জমি ক্রয় করেন তিনি। কিন্তু এরপর ওই জায়গা অবৈধ ভাবে দখল করে নেয় হাবিব ও তার সঙ্গীয় মোজাম্মেল। এমতাবস্থায় অনেক জায়গায় ঘুরে কোন সমাধান না পেয়ে এখন অসহায় দিনযাপন করছে তার পরিবার। তবে জামায়াত নেতা হাবিব কিভাবে এসব অপকর্ম চালাচ্ছে সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।