ইবি সংবাদদাতা।। হাতে রং, তুলি ও পেন্সিল নিয়ে স্কুল শিক্ষার্থীরা ফুটিয়ে তুলছে বঙ্গবন্ধুকে। কেউ আঁকছে সবুজ নদীমাতৃক বাংলাদেশের চিত্র। কেউবা আঁকছে মুক্তিযুদ্ধের ছবি। রবিবার সকাল সাড়ে ১১ টায় এমন দৃশ্যই দেখা গেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের স্কুল শিক্ষার্থীদের মাঝে।
বঙ্গবন্ধুর জন্মদিন রঙ ছড়ানো আলো, লাল-সবুজের বাংলাদেশে থাকবে শিশু ভালো’ স্লোগানে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে স্কুল শিক্ষার্থীদের মাঝে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী।
এ সময় উপস্থিত অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা উপ-কমিটির আহবায়ক অধ্যাপক ড. মামুনুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মাহবুবর রহমান, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার প্রমুখ।
জানা যায়, প্রতিযোগিতায় “ক” ক্যাটাগরিতে শিশু শ্রেণি হতে ২য় শ্রেণির শিক্ষার্থীরা “গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য”, “খ” ক্যাটাগরিতে ৩য় শ্রেণি হতে ৫ম শ্রেণি পর্যন্ত “নদী মার্তৃক বাংলাদেশ” এবং “গ” ক্যাটাগরিতে ৬ষ্ঠ শ্রেণি হতে ১০ম শ্রেণি পর্যন্ত “মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু” বিষয়ক চিত্র অঙ্কন করে শিক্ষার্থীরা।
উদ্বোধনকালে উপাচার্য বলেন, ‘আমরা বঙ্গবন্ধুকে শুধু খাতার পৃষ্ঠায়ই আঁকব না আমরা মনেও বঙ্গবন্ধুকে আঁকব। প্রজন্ম থেকে প্রজন্ম বঙ্গবন্ধুকে লালন করব। এই মানুষটি যেভাবে এই দেশকে সৃষ্টি করে গেছে, সেটিকে আমাদের মনে মগজে ধারণ করতে হবে।’