ইবি সংবাদদাতা।। আজ ১৭ মার্চ। বাঙালি জাতির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী করোনা ভাইরাসের আতঙ্কে সারাদেশে স্বল্প পরিসরে পালন হচ্ছে দিনটি। পিছিয়ে নেই ইসলামী বিশ্ববিদ্যালয়ও (ইবি)।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নানা ভিন্নধর্মী আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও প্রকৌশল অফিস।
বিশ^বিদ্যালয় প্রেস ক্লাব আয়োজন করেছে বঙ্গবন্ধুর বিভিন্ন উক্তি, ছবি, বিভিন্ন লেখকের খবর সম্বলিত ১০০ টি ছবি দিয়ে ‘খবরের পাতায় বঙ্গবন্ধু’ শীর্ষক দেয়ালিকা। যা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি’র প্রেস কর্ণারের সামনে স্থাপন করা হয়েছে। এটি টিএসসিসি’র সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। এই দেয়ালিকায় স্থান পেয়েছে বঙ্গবন্ধুর জীবনচিত্র, বঙ্গবন্ধুর ব্যক্তি ও রাজনৈতিক জীবন, বঙ্গবন্ধুর দূর্লভ কিছু ছবি, বিভিন্ন আন্তর্জাতিক পত্রিকায় বঙ্গবন্ধুকে মূল্যায়নসহ অনেক কিছু।
মঙ্গলবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে দেয়ালিকাটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও কর্মকর্তারা।
এসময় উপাচার্য বলেন, ‘জাতির পিতার জন্মদিন আজ। বঙ্গবন্ধু একাধারে রাজনীতিবিদ সাংবাদিক ব্যক্তিত্ব ছিলেন। সাংবাদিক বন্ধুদের এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়।’

এদিকে বঙ্গবন্ধুর দুইটি ম্যুরাল ‘মুক্তির আহবান’ ও ‘শ্বাশত মুজিব’ উদ্বোধন করা হয়েছে। যা ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’ ফটকের সামনে স্থাপন করা হয়েছিল। সকাল সাড়ে ১১ টায় এ ম্যুরাল দু’টির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী।
জানা যায়, প্রায় ৮ লক্ষ টাকা ব্যয়ে ম্যুরাল দুটি নির্মাণ করা হয়েছে। প্রথমে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সম্বলিত ম্যুরাল (মুক্তির আহবান) নির্মাণের পরিকল্পনা ছিল। পরবর্তীতে মুজিববর্ষকে স্মরণীয় করে রাখতে ‘শ্বাশত মুজিব’ ম্যুরালটিও নির্মাণ করা হয়েছে। এই ম্যুরাল দুটি’র নকশা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের অধ্যাপক কনক কুমার পাঠক।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন প্রমুখ উপস্থিত ছিলেন। ম্যুরাল উদ্বোধন শেষে হলের প্রধান ফটরে সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কেক কাটা হয়। পরে হল প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর জীবনকর্ম নিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। বিশেষ অতিথি ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা প্রমুখ।
অনুষ্ঠানে উপাচার্য বলেন, ‘আজকের এই দিনে এমন একজন বাঙালি জন্মগ্রহণ করেছিলেন, যিনি টুঙ্গিপাড়ার মত একটি অজপাড়া গাঁ থেকে জন্ম নিয়ে বাংলাদেশকে একটি জাতি রাষ্ট্র হিসেবে উপহার দিয়েছিলেন।’
এদিকে জাতির পিতার জন্মবার্ষিকী থেকে বছরব্যাপী যৌথভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রকৌশল অফিস ও স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীণ চাইল্ড। প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আলিমুজ্জামান টুটুলের উদ্দোগে এ আয়োজন করে তারা। বেলা ১২ দিকে প্রকৌশল অফিসের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। প্রকৌশল অফিসের এই লাইব্রেরির তাকে শোভা পেয়েছে বঙ্গবন্ধু লেখা বই, বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন কবি ও সাহিত্যিকের লেখা, বিভিন্ন বিখ্যাত লেখকের উপন্যাসসহ বিভিন্ন ধরণের বই।
এসময় উপাচার্য বলেন, ‘মানুষের সবচেয়ে বেশি আনন্দ বই দেয়া ও নেয়ার মাধ্যমে। মুজিববর্ষে প্রকৌশল অফিসের এই উদ্যোগ আশা জাগানীয়া। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বই পড়তে উদ্বুদ্ধ হবে বলে আশা করি।’
এ আগে সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে উপাচার্যের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটক সংলগ্ন মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের পাদদেশে মিলিত হয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। পরে একে একে বিভিন্ন সমিতি, সামাজিক ও রাজনৈতিক সংগঠন, বিভিন্ন হল ও বিভিন্ন বিভাগ শ্রদ্ধা নিবেদন করে।