শেরপুর সংবাদদাতা।। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে শেরপুরের এম এ পাবলিক স্কুলে বেসরকারি উন্নয়ন সংস্থা ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি)’র উদ্যোগে ইয়্যুথ অ্যাজ চেঞ্জ এজেন্ট ফর সোশ্যাল কোহেশন প্রজেক্টের আওতায় দেয়ালিকা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
১৭ মার্চ মঙ্গলবার দুপুরে ‘বঙ্গবন্ধু’ নামে ওই দেয়ালিকার উদ্বোধন করেন জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার। ওইসময় তিনি বলেন, দেয়ালিকা হচ্ছে শিক্ষার্থীদের সাহিত্যচর্চার একটি অন্যতম চারণক্ষেত্র। এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার যে স্ফুরণ ঘটে তা চলমান থাকলে সেই শিক্ষার্থীদের মাঝ থেকেই বেরিয়ে আসতে পারে ছড়াকার, গল্পকার ও ঔপন্যাসিকসহ চিত্রকর। তিনি দেয়ালিকা প্রকাশনার ওই উদ্যোগকে স্বাগত জানিয়ে আগামী দিনে তা নিয়মিত বা ন্যূনতম ৩ মাস অন্তর হলেও প্রকাশনা অব্যাহত রাখার পাশাপাশি শিক্ষার্থীদের বাছাই করা রচনাসমগ্র নিয়ে বার্ষিক ম্যাগাজিন প্রকাশের উপর গুরুত্বারোপ করেন।
এ উপলক্ষে স্কুলের সহকারী প্রধান শিক্ষক মিনাল কান্তি মোদকের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় মূল বক্তব্য রাখেন আইইডি’র জেলা ব্যবস্থাপক মানিক পাল। সিনিয়র সহকারী শিক্ষক মাহবুব হাসান রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে আইইডি’র পৌরসভার সমন্বয়কারী মোখলেসুর রহমান, স্কুলের পরিচালক নাসরিন আক্তার, তরুণ সাংবাদিক মইনুল হোসেন প্লাবনসহ শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেয়ালিকায় প্রকাশিত রচনায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
উল্লেখ্য, ওই দেয়ালিকায় ছড়া, কবিতা, গল্প, কৌতুক ও চিত্রকর্মসহ প্রায় ৩০টি রচনা স্থান পেয়েছে।