লালমনিরহাট সংবাদদাতা।। লালমনিরহাটের আদিতমারীতে টাস্কফোর্স কমিটি অভিযান পরিচালনা করে তিনটি প্রতিষ্ঠানকে ৭ হাজার জরিমানা করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) আদিতমারী উপজেলার সদরের বু্ড়িরবাজারে এ অভিযান চালানো হয়৷ অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রট ও ইউএনও মুহাম্মদ মনসুর উদ্দিন। এসময়
থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানাগেছে, টাস্কফোর্স অভিযানে উপজেলার বুড়িরবাজারের বিভিন্ন দোকানে অগ্নি নির্বাপণ যন্ত্র না থাকা, মেয়াদোত্তীর্ন যন্ত্রের ব্যবহার এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় গ্যাস সিলিন্ডার রাখা ও বিক্রয়ের অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় টাস্কফোর্স টিম বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সতর্ক করে দেন ।
টাস্কফোর্স কমিটির নির্বাহী ম্যাজিস্ট্রট ও ইউএনও মুহাম্মদ মনসুর উদ্দিন বলেন,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লাইসেন্স বিহীন গ্যাস সিলিন্ডার বিক্রি করা আইনত দন্ডনীয়। তিনি আরো জানান,এসব দোকানকে জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়েছে। এরপরেও লাইসেন্স বিহীন সিলিন্ডার বিক্রি করা হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।