লালমনিরহাট সংবাদদাতা।।“হাত ধুন ক্ষণে ক্ষণে, সুস্থ্য থাকুন প্রতিজনে- এই স্লোগান নিয়ে প্রাণঘাতী “করোনা ভাইরাস” থেকে নিরাপদ থাকার জন্য লালমনিরহাটের আদিতমারীতে মাইকিং ও সাবান বিতরণ করেছে। শুক্রবার (২০ মার্চ) বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ আদিতমারী উপজেলা শাখার উদ্দ্যোগে করোনা প্রতিরোধে করণীয় বিষয়ে সকালে মাইকিং ও মসজিদে মসজিদে সাবান বিতরণ করেছেন সংগঠনের নেতাকর্মীরা।
এসময় সংগঠনের সভাপতি ফারুক হোসেন ও সাধারন সম্পাদক নুরন্নবী নাহিদ উপস্থিত থেকে মসজিদের ওজু খানায় সাবান সরবরাহ করেন। সেই সাথে সাধারন মানুষকে হাত ধোয়ার কৌশল শিখিয়ে দেন তারা। তাদের এ কার্যক্রম দেখে অনেকেই সন্তোষ প্রকাশ করেন। তাদের এ কার্যক্রমের সাথে একাত্মতা প্রকাশ করেন ভাদাই ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সদস্য আব্দুল কাদের মিন্টু।
সহকারী শিক্ষক সমাজের সভাপতি ফারুক হোসেন মিন্টু বলেন, নিজের দায়বদ্ধতা থেকে মাইকিং ও মসজিদে সাবান সরবরাহ করা হচ্ছে। তিনি স্ব-উদ্যোগে সাবান সরবরাহ ও তা ব্যবহারে করতে উৎসাহিত করার আহব্বান জানান।