শহিদুল ইসলাম সাগর।। সাভারের আশুলিয়ায় নিজ বাসা থেকে শাহিনা খাতুন (২৫) নামে এক নারী গার্মেন্টস কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন নিহতে স্বামী শরিফুল ইসলাম।
শনিবার দুপুরে আশুলিয়ার তৈয়বপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয় । নিহত নারী পোশাকশ্রমিক আশুলিয়া ইয়ারপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি হাজী জিল্লুর রহমানের মালিকানাধীন বাড়িতে ভাড়া বাসায় থাকতেন।
নিহত নারীর গ্রামের বাড়ি কুস্টিয়া জেলার দৌলতপুর থানার চরসাদীপুরে। সে সাভারের হেমায়েতপুরে এবি অ্যাপারেলস লি. কারখানায় সুইং অপারেটর হিসেবে কাজ করতো।
বাড়ির মালিক জিল্লুর রহমানের ছেলে জানান, গত মার্চ মাসে তরুণী শাহিনা খাতুন ও তার সাথে আসা শরিফুল ইসলাম নামের এক যুবক নিজেদেরকে দম্পতি বলে পরিচয় দিয়ে তাদের শ্রমিক কলোনির একটি কক্ষ ভাড়া নেন। এরপর গতকাল শুক্রবার সকাল থেকেই তাদের রুম তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। শনিবার তাদের রুম থেকপ দুর্গন্ধ বের হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ এসে ঐ কক্ষের তালা ভেঙে ওই তরুণীর বস্তায়বন্দি লাশ উদ্ধার করে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফজর আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের তালা ভেঙে পোশাকশ্রমিক তরুনীর লাশ উদ্ধার করা হয়। তরুনীকে শ্বাসরোধ করে হত্যার পর তার স্বামী পালিয়ে যায় বলে ধারনা করা হচ্ছ। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তার স্বামী পরিচয়দানকারী যুবক শরিফুলকে আটকের চেষ্টা চালানে হচ্ছে। এছাড়া নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।