লালমনিরহাট সংবাদদাতা। লালমনিরহাটের আদিতমারীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে শেখ ফরিদ (২৮) নামে এক যুবকের এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন ।
এদিকে বালু উত্তোলন করার মেশিন পুড়ে দেয়া ছাড়াও পাইপ ভেঙ্গে দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) এ ঘটনা ঘটেছে আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নে। সাজাপ্রাপ্ত শেখ ফরিদ উপজেলার সারপুকুর ইউনিয়নের কান্তেশ্বর পাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, করোনা সংক্রান্ত ঝুঁকির মাঝেই আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের কান্তেশ্বর পাড়া গ্রামে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করছেন একটি মহক। এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন থানা পুলিশ নিয়ে ওই এলাকায় অভিযান চালান। এসময় অবৈধ বালু মেশিন চালানোর সময় হাতেনাতে ফরিদুলকে আটক করেন পুলিশ। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
আদিতমারী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাজাপ্রাপ্ত ফরিদকে রাতেই লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।
আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন সাংবাদিকদের জানান, করোনা সংক্রান্ত ঝুঁকির মাঝেই উপজেলায় অবৈধ বালু উত্তোলনে প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এছাড়াও ঘটনাস্থল থেকে বালু উত্তোলনের মেশিন পুড়িয়ে পাইপ ভেঙ্গে দেয়া হয়েছে।
আ/রি