সাভার প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় তিতাসের গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে দেয়াল ধসে তাহসিন হাসান নামে দেড় বছরের শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন। আহতের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার সকালে সাভারের আশুলিয়ার কাঠগড়ার দোকাটি এলাকায় হাজী আকবর আলীর মালিকানাধীন এক তলা ভবনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ডিইপিজেডের ফায়ার সার্ভিস দল ও থানা পুলিশ উপস্থিত হয়।
নিহত হলো, মাগুড়া জেলার মোহাম্মদপুর এলাকার নাজমুল হাসানের ছেলে তাহসিন হাসান । সে আশুলিয়ার কাঠগড়া এলাকায় ঐ বাড়িতে বাবা-মায়ের সাথে ভাড়া থাকতো।
এ বিষয়ে ডিইপজিডে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, সকালে কাঠগড়া এলাকায় গ্যাস বিস্ফোরনে দেয়াল ধসে তাহসিন নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আহতরা হলো ভবনের মালিক আকবর হোসেনের মেয়ে মৌসুমি। অন্যরা মিম, আবুল কালাম ও দিপু নামে মোট ৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে নিকটস্থ নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিসের জোন কমান্ডার আনোয়ারুল হক জানান, গ্যাস লাইন থেকে বিস্ফোরণের কারণে ভবনটি ধসে পড়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তবে পরবর্তীতে তদন্ত করে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।
এব্যপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে ‘গ্যাস লাইনের চুলার চাবি থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে ও দুর্বল অবকাঠামোর কারণে বিল্ডিংটি ধসে পড়েছে। তবে ঘটনা তদন্তে বিশেষজ্ঞ প্রকৌশলী দল আসছে। পাশাপাশি বাড়ির মালিকের কোন গাফিলতি থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।