ঢাকা।। বেসরকারি হাসপাতালগুলোকে দুর্যোগে জনগণের পাশে থাকার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। শনিবার (৪ এপ্রিল) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে অনলাইনে দেয়া বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
এ সময় আওয়ামী লীগের পক্ষ থেকে ফেডারেশন অব টিভি প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও) বাংলাদেশ সংবাদপত্র পরিষদ (বিএসপি), প্রাইভেট রেডিও ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (প্রোব) নেতাদের হাতে করোনাভাইরাস প্রতিরোধ সামগ্রী হ্যান্ড-স্যানিটাইজার, মাস্ক, গ্লাভস ও সাবান এবং একটি বেসরকারি হাসপাতালের প্রতিনিধিকে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) হস্তান্তর করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।
হাছান মাহমুদ বলেন, গণমাধ্যমের কাছ থেকে আমরা জানতে পেরেছি অনেক রোগীকে চিকিৎসা পেতে অসহায়ের মতো এক হাসপাতালে অন্য হাসপাতালে ঘুরতে হচ্ছে। এটি কোনোভাবেই কাম্য নয়। কারণ, সর্দি, কাশি হলেই তা করোনা নয়, আর করোনা রোগী হলেও তার সাহায্যার্থে আমাদের এগিয়ে আসা উচিত। অনেক ডাক্তার-নার্স করোনা রোগীদের সেবা দিচ্ছেন। অনেক করোনা আক্রান্ত রোগীও সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন। তাই আমি আশা করবো, যারা প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক পরিচালনা করেন তারা জনগণের পাশে দাঁড়াবেন। জনগণ যাতে বেসরকারি হাসপাতালে চিকিৎসা পায়। সেটি তারা নিশ্চিত করবেন। জনগণ এটিই প্রত্যাশা করে।
তথ্যমন্ত্রী বলেন, কোন হাসপাতাল দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে। চিকিৎসার সুযোগ থাকা সত্ত্বেও রোগী ফেরত দিচ্ছে। সরকার সেটিও নজরে রাখছে, সময়মতো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ সময় সবাইকে প্রধানমন্ত্রীর ৩১ দফা নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তথ্যমন্ত্রী।
তিনি আরো বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকার নানা পদক্ষেপ নিয়েছে। প্রধানমন্ত্রী ৩১ দফা নির্দেশনা দিয়েছেন। আমরা যদি সবাই ৩১ দফা নির্দেশনা মেনে চলি তবে সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা করোনার বিস্তাররোধে সক্ষম হবো। আমি গণমাধ্যমের মাধ্যমে সবার কাছে এ ৩১ দফা নির্দেশনা পৌঁছে দেয়া ও সবাইকে মেনে চলার আহ্বান জানাচ্ছি।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দুর্যোগে দলের নেতাকর্মী ও বিত্তবানদের মানুষের পাশে দাঁড়ানোর যে নির্দেশ দিয়েছিলেন, সে অনুযায়ী আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী মানুষের পাশে দাঁড়িয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা পরিস্থিতির সব দিক ওয়াকিবহাল এবং সব খুঁটিনাটি বিষয়ে লক্ষ্য রাখছেন এবং সেই মোতাবেক যেখানে যে পদক্ষেপ নেয়া প্রয়োজন, সে ব্যবস্থা নিচ্ছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের পক্ষ থেকে ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দীর তত্ত্বাবধানে করোনা প্রতিরোধ সামগ্রী দেশের সব জেলায় পাঠানো হয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে যেটি করা হচ্ছে, অন্য কোনো দলের পক্ষ থেকে সেটি করা হচ্ছে বলে আমার জানা নেই। অনেকে অনেক কথা বলেন, কিন্তু আওয়ামী লীগ কথা নয়, কাজে বিশ্বাসী। সেকারণে শুধু করোনা প্রতিরোধ সামগ্রীই নয়, দেশের খেটে খাওয়া মানুষ, যারা দিন এনে দিন খায়, তাদের জন্য সরকারের পাশাপাশি দলের পক্ষ থেকেও গ্রাম পর্যায় পর্যন্ত ত্রাণ বিতরণ করা হচ্ছে। আমাদের জনপ্রতিনিধিরা, এমপি, উপজেলা ও ইউনিয়ন চেয়ারম্যানেরা সেই ত্রাণ পৌঁছে দিচ্ছেন, অনেকে নিজ উদ্যোগেও ত্রাণসামগ্রী বিতরণ করছেন।