ঢাকা।। টাঙ্গাইল জেলা পরিষদের নির্বাচিত সদস্য ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম খান (৫৫) করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন। এরপর থেকে তার বাড়ি লকডাউন করা হয়েছে।
গতকাল সোমবার তিনি মারা যান। তবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। পরে বিশেষ ব্যবস্থায় তাকে দাফন করা হয়।
মারা যাওয়া জাহাঙ্গীর আলম খান টাঙ্গাইলের গোপালপুর উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ছিলেন।তিনি টাঙ্গাইল আদালতে আইন পেশায় নিয়োজিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলীম আল রাজী বলেন, জাহাঙ্গীর আলম হৃদরোগ ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তাকে গতকাল সোমবার সকালে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বজনেরা নিয়ে আসেন। এ সময় তাকে মৃত অবস্থায় পান চিকিৎসকেরা।