
খুলনা সংবাদদাতা।। খুলনায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে সালেহা বেগম নামে ষাটোর্ধ এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ওই এলাকা লকডাউন করা হয়েছে। এছাড়া ওই বৃদ্ধার সংস্পর্শে আসা ২০ পরিবারকে কোয়ারেনটাইনে রাখা হয়েছে।
মঙ্গলবার সকাল ৬টার দিকে রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের দেবীপুর গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান। তিনি ওই গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, সালেহা বেগম ১০-১২দিন আগে তার ছেলের ঢাকার বাসায় জ্বরসহ সর্দি, কাশিতে আক্রান্ত হন। ওই অবস্থায় তিনি তার নাতী রাসেলকে নিয়ে গ্রামের বাড়িতে ফেরেন। তবে বিষয়টি কেউ প্রশাসনকে অবগত করেনি।
রূপসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনিসুর রহমান জানান, জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত ওই বৃদ্ধা এক সপ্তাহ আগে তার ২২ বছর বয়সী নাতি রাসেলকে সঙ্গে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। তিনি তথ্য গোপন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নেন। মঙ্গলবার সকাল ৬টার দিকে তিনি বাড়িতে মারা যান। তিনি জানান, মৃত বৃদ্ধার নাতীকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়েছে।
রূপসা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাসরিন আক্তার জানান, যারা ওই বৃদ্ধার সংস্পর্শে এসেছিলেন এমন ২০ পরিবারকে কোয়ারেনটাইনে রাখা হয়েছে। এছাড়া ওই এলাকা লকডাউন করা হয়েছে।
সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, মৃত বৃদ্ধা ও তার নাতির নমুনা সংগ্রহ করে খুলনা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে করোনা ভাইরাস পরীক্ষা করা হবে। যতক্ষণ পর্যন্ত তাদের করোনার রিপোর্ট পাওয়া না যাবে ততক্ষণ পর্যন্ত প্রশাসনকে ওই এলাকা লকডাউন করে রাখতে বলা হয়েছে। এছাড়া ওই নারীর সংস্পর্শে যারা এসেছে তাদের হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।