নারায়ণগঞ্জ সংবাদদাতা।। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। জেলায় করোনা আক্রান্ত এক চিকিৎসকের সংস্পর্শে আসায় আইইডিসিআর-এর পরামর্শে তারা হোমকোয়ারেন্টাইনে রয়েছেন। তাদের সবার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক জানিয়েছেন, করোনার নমুনা পরীক্ষার পর জেলা প্রশাসক জসিম উদ্দিনের রেজাল্ট নেগেটিভ এসেছে। অন্যদের ফলাফল পাওয়া যায়নি।
জেলা প্রশাসক জসিম উদ্দিন জেলা করোনা প্রতিরোধ কমিটিরও সভাপতি। তিনি মঙ্গলবার (০৭ এপ্রিল) রাত থেকে হঠাৎ অসুস্থ বোধ করেন। পরদিন তিনি তাঁর বাংলোয় বিশ্রামে ছিলেন। সেখান থেকেই জেলা স্বাস্থ্য বিভাগের লোকজন নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠায়।
জানা গেছে, জেলা প্রশাসক ও সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ এবং জেলা করোনা ফোকাল পারসন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম তাঁরা কেউ বুধবার অফিস করেননি। এছাড়া জেলা পুলিশ সুপার জায়েদুল আলমও বুধবার অফিসে আসেননি। বাসায় বসেই অফিসের কার্যক্রম পরিচালনা করছেন তারা।
এসপি জায়েদুল আলম বলেছেন, ‘আমি সুস্থ আছি। আমি কোয়ারেন্টাইনে নেই। তবে ডিসি ও সিভিল সার্জন একটু অসুস্থ। এছাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলামের করোনা সন্দেহ হওয়ায় যেহেতু তাঁর সংস্পর্শে ছিলাম, তাই বাড়িতেই অফিস করছি। আর এ মুহূর্তে আমাদের সবার সামাজিক দূরত্ব মেনে পরিস্থিতি মোকাবিলা প্রয়োজন।’