টাঙ্গাইল।। টাঙ্গাইলে নতুন করে আরো পাঁচজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় সাতজনের করোনা শনাক্ত হলো। নতুন আক্রান্তের মধ্যে ভূঞাপুরে তিনজন, মধুপুরে একজন এবং নাগরপুরের একজন রয়েছেন।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহিউদ্দিন আহমেদ জানান, রোববার (১২ এপ্রিল) সকালে উপজেলার ৯ জনের নমুনা পাঠানো হয়। এর মধ্যে তিনজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আক্রান্ত তিনজন গোবিন্দাসী ইউনিয়নের সাফলকুড়া ও জিগাতলা গ্রামের। ওই দুটি গ্রাম লকডাউন ঘোষণা করা হয়েছে।
মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবিনা আক্তার জানান, রোববার (১২ এপ্রিল) সকালে উপজেলার ৯ জনের নমুনা পাঠানো হয়েছিল। তার মধ্যে একজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আক্রান্ত ব্যক্তি উপজেলার অরণখোলা ইউনিয়নের গোবদিয়া গ্রামের বাসিন্দা।
নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. মোহাম্মদ রোকনুজ্জামান খান জানান, গত শনিবার (১১ এপ্রিল) ৮ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল। এর মধ্যে একজেনের করোনা পজিটিভ ধরা পড়েছে। আক্রান্ত ব্যক্তি ভাদ্রা ইউনিয়নের খাগুরিয়া গ্রামের বাসিন্দা (২০)। ওই এলাকা লকডাউন করা হয়েছে।