সোমবার সকালে শহরের মজমপুর এলাকা থেকে ‘ফ্রি সবজি বাজার’ নামের এ কার্যক্রম শুরু করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। অসচ্ছল প্রত্যেক পরিবারকে প্রয়োজন অনুযায়ী সবজি দিয়ে সহায়তা করছেন।
জানা যায়, অসহায় ও দুঃস্থদের সহযোগিতার লক্ষ্যে ইবি ছাত্রলীগের সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান লালন ও তার সঙ্গী নেতাকর্মীরা এ কার্যক্রম শুরু করেন। তারা ভ্যানে মিষ্টি কুমড়া, লাউ, লালশাক ও বাঁধা কপি নিয়ে শহরের বিভিন্ন এলাকায় বিতরণ করছেন।
এ ব্যাপারে মিজানুর রহমান লালন বলেন, ‘করোনার কারণে কর্মহীন হয়ে পড়া দরিদ্র জনগণের মাঝে চাল-ডালসহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হলেও যেহেতু সবজি দেওয়া হচ্ছে না। তাই আমি প্রায় একশ’ মণ সবজি কিনে শহরের বিভিন্ন এলাকায় বিনামূল্যে বিতরণ করছি। আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।’
এর আগে করোনা ভাইরাস প্রতিরোধে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক এবং জীবাণুনাশক স্প্রে বিতরণসহ নানা সামাজিক কর্মকাণ্ডের সাথে নিজেকে সম্পৃক্ত ছিলেন লালন। এছাড়া মাটির ব্যাংকে জমানো টাকা অসহায়দের জন্য দান করেছেন তিনি।