ঢাকা।। বর্তমান করোনা পরিস্থিতিতে ত্রাণ বিতরণে কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পেলে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। এক্ষেত্রে আগে শাস্তি পরে তদন্ত করা হবে বলেও উল্লেখ করেছেন তিনি।
আজ সোমবার গণমাধ্যমকে এ হুঁশিয়ারির কথা জানান এলজিআরডিমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দুর্নীতির বিরুদ্ধে কঠোর এ অবস্থান নেয়া হচ্ছে। এ বিষয়ে এরইমধ্যে সংশ্লিষ্ট সবাইক সতর্ক করা হয়েছে।
তাজুল ইসলাম বলেন, ত্রাণ বিতরণে কোনো অনিয়ম বা দুর্নীতি হলে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা বা এসি ল্যান্ডের অভিযোগের প্রেক্ষিতে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি আহবান জানিয়ে এলজিআরডি মন্ত্রী বলেন, আমি বিশ্বাস করি, আপনারা সততার সঙ্গে দায়িত্ব পালন করে থাকেন। বর্তমান দুর্যোগময় মুহূর্তেও অসহায়-দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণসহ তাদের পাশে দাঁড়াবেন।