সুনামগঞ্জ সংবাদদাতা। সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ের সময় সাবিকুন নাহার (৩৭) নামের এক বিধবা মহিলার উপর একটি আকাশীগাছ ভেঙে পড়ে মৃত্যু হয়েছে। এ ঘটনাটি ঘটেছে ১৫ এপ্রিল বুধবার দুপুরে জেলার জামালগঞ্জ উপজেলার উত্তর কামলাবাজ ধানুয়াখালী গ্রামে । নিহত ছাবিকুন নাহার কামলাবাজ গ্রামের মৃত তাজুল ইসলামের স্ত্রী।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানাগেছে, বোরো ধানের ডাটা কাটতে সাবিকুন নাহার বাড়ির পাশের বোর ধান ক্ষেতে গিয়েছিলেন। হঠাত করে কালবৈশাখী প্রচন্ড ঝড় শুরু হলে এ সময় সাবিকুন নাহার দৌড়ে বাড়িতে আসার পথে আব্দু মিয়ার বাড়ির পাশে রাস্তায় থাকা একটি আকাশীগাছ ভেঙে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে প্রতিবেশীরা খবর পেয়ে তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।