বিশেষ প্রতিনিধি।। করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে এবার খুলনার ঐতিহাসিক ‘শহীদ হাদিস পার্কে’ ‘বড় বাজার’ স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) খুলনা জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
একই সঙ্গে নগরীর ‘বয়রা’ বাজারও হাজী ফয়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে স্থানান্তর করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে ‘বয়রা বাজার’ ও ‘বড় বাজার’ এর দোকানসমূহ স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার সকাল ১০টা থেকে ‘বয়রা’ বাজার হাজী ফয়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে ও শনিবার সকাল ১০টা থেকে ‘বড় বাজার’ শহীদ হাদিস পার্কে বসবে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। জনসাধারণকে তাদের প্রয়োজন অনুযায়ী নব-নির্ধারিত স্থানে বাজার করার নির্দেশ দেওয়া হলো।