
নিজস্ব প্রতিবেদক।। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের এই মহামারিতে জাতি হিসেবে আমাদের বিভক্তি কোনোভাবেই কাম্য নয়। শুক্রবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী নিজ সরকারি বাসভবনে ব্রিফিংয়ের সময় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, করোনাভাইরাস বৈশ্বিক সমস্যা। তাই আমাদের দেশও করোনায় আক্রান্ত, কিন্তু দেশের এই মহামারিতে জাতি হিসেবে আমাদের বিভক্তি কোনোভাবেই কাম্য নয়। সবার ঐক্যের মনোভাব থাকা ভালো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঘরে ঘরে সচেতনতার দূর্গ গড়ে তুলতে হবে। আমরা যদি সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি, ঘরে থাকি, তাহলে আমাদের জয় হবেই ইনশাল্লাহ। তাই ঘরে বসেই করোনা মোকাবিলা করতে হবে।
ত্রাণ বিতরণের কমিটি করার আহ্বান জানিয়ে সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সব ইউনিয়নের ত্রাণ কমিটি গঠন করে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিতরণের স্বচ্ছতায় সহযোগিতা করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের আহ্বান জানাচ্ছি। ত্রাণ বিতরণে কোনো অনিয়ম সহ্য করা হবে না। এ বিষয় সরকারের কঠোর অবস্থানের কথা স্পষ্ট ভাবে জানিয়ে দেয়া হয়েছে। দলীয় পরিচয়ও কেউ ত্রাণ নিয়ে নয় ছয় করলে ছাড় দেয়া হবে না।
এই সঙ্কটে চিকিৎসক,নার্স আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী ও গণমাধ্যম এবং প্রশাসনসহ যারা মাঠে কাজ করছে তাদের ধন্যবাদ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এ লড়াইয়ে পরস্পর পরস্পরকে সুরক্ষা না দিলে নিজেদের সুরক্ষাই হুমকির মুখে পড়বে। তাই সবাইকে সবাই সুরক্ষা দেবেন। সবাই সচেতন হলেই এই সমস্যা থেকে বেরিয়ে আসা সম্ভব।
ডাক্তার মঈনুদ্দিনের মৃত্যুতে মির্জা ফকরুলের বক্তব্য অহেতুক উল্লেখ করে তিনি বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থার সমালোচনা করা, যা মোটেই সমুচিত নয়। করোনা মোকাবিলায় সবার ভূমিকা রাখা দরকার। কিন্তু দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সমালোচনা করা জনগণ ও দেশের জন্য সমুচিত নয়।
আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস। করোনাভাইরাসের কারণে দিবসটি পালনের আনুষ্ঠানিকতা না করলেও চেতনা ও বিশ্বাসে দিনটির তাৎপর্য চিরভাস্বর বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।