আকবর ইলিয়াস।। সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও চাঁদপুরের মেঘনা নদীতে চলছে অবাধে জাটকা ইলিশ নিধন। জেলেদের দাবি মাছ ধরায় নিষেধাজ্ঞার সময়ে প্রয়োজনীয় সহায়তা না পাওয়ায় পেটের দায়ে জাটকা ধরছে তাঁরা।
ইলিশের উৎপাদন বাড়াতে মার্চ ও এপ্রিল এই দুই মাস চাঁদপুরের মতলব উত্তরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদীর ১শ’ কিলোমিটার এলাকায় সব ধরণের মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয় সরকার। নিষেধাজ্ঞার সময়ে জেলেদের জন্য থাকে সরকারের বিভিন্ন ধরণের সহায়তা কার্যক্রম। তবে চাঁদপুরের ভেতর থাকা ৬০ কিলোমিটার এলাকায় এখন অবাধে জাটকা ইলিশ ধরা চলছে।
জেলেদের দাবি প্রয়োজনীয় সহায়তা না পাওয়ায় পেটের দায়ে মাছ ধরছেন তাঁরা। তবে, জেলেদের খাদ্য সহায়তা দেয়ার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
চাঁদপুর সদর, হাইমচর, মতলব দক্ষিণ ও উত্তর উপজেলার ৫১হাজার নিবন্ধিত জেলে রয়েছে। জাটকা রক্ষায় তাদের সহযোগীতার পাশাপাশি সব ধরণের চেষ্টা চলছে বলে জানিয়েছেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকী।
এছাড়া জাটকা নিধন বন্ধে অভিযান অব্যাহত রেখেছে মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিয়ম না মেনে মাছ ধরায় চলতি মৌসুমে শতাধিক জেলেকে জেল-জরিমানাও করা হয়েছে।