ঢাকা।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাসের কারণে দেশে যেন খাদ্য ঘাটতি না হয়, সেদিকে লক্ষ্য রাখছে সরকার। বর্তমানে ৫০ লাখ মানুষকে রেশন কার্ড দেয়া হচ্ছে। আরো ৫০ লাখ লোককে রেশন কার্ড দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এটি বাস্তবায়ন হলে এক কোটি লোক খাদ্য সহায়তা পাবেন। আর এই এক কোটি লোকের পরিবারের সংখ্যা যদি পাঁচজন হয় তাহলে পাঁচ কোটি লোক খাদ্য সহায়তার আওতায় আসবেন।
শনিবার (১৮ এপ্রিল) জাতীয় সংসদের সংক্ষিপ্ত অধিবেশনে সমাপনী বক্তব্যে এ কথা বলেন তিনি। করোনাভাইরাসের কারণে ব্যতিক্রমী এ সংসদ অধিবেশন বিকেল ৫টায় শুরু হয়। বাছাইকৃত এমপিদের নিয়ে সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায় সংসদের সপ্তম অধিবেশন শুরু হয়।
করোনা পরিস্থিতিতে দেশের মানুষ খাদ্য সঙ্কটে যাতে কেউ না পরে সেই ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় যারা ত্রাণের জন্য সকলের সামনে আসতে না পারে তাদের জন্য ৩৩৩ এ কল দিলে খাবার পৌঁছে দেয়া হবে বলেও জানান তিনি।
স্পিকার ড. শিরীন শারমিনের সভাপতিত্বে অধিবেশনে প্রধানমন্ত্রী আরো বলেন, করোনাভাইরাসে সারা বিশ্বের মানুষকে যেভাবে বন্দী করে ফেলল। জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছিলাম। আমার কাছে দেশের মানুষের কল্যাণটাই সব থেকে বড়। সে কারণে উৎসবটা সেভাবে করিনি।
সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, সংসদ সদস্যদের অধিবেশন কক্ষে বসার সময় শারীরিক দূরত্ব নিশ্চিত করা হয়েছে।