সাভার সংবাদদাতা।। সাভারে নতুন করে আরও দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে এ জেলায় ৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হলো। এদের মধ্যে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন আছেন ৬ জন।
শনিবার (১৮ এপ্রিল) রাতে আইইডিসিআরের বরাত দিয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. নাজমুল হুদা মিঠু বিষয়টি নিশ্চিত করেন।
ডা. নাজমুল হুদা মিঠু জানান, আক্রান্ত নতুন দুজনের মধ্যে সাভার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের শ্যামপুর গ্রামের একজন ও অপরজন একই ইউনিয়নের রাজফুলবাড়িয়ার বাসিন্দা। আক্রান্তদের একজন পুরুষ ও একজন নারী। আইইডিসিআরের মাধ্যমে আমরা বিষয়টি জানতে পেরেছি। আক্রান্ত দুইজন ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষা করেছিলেন। আইইডিসিআর তাদেরকে আমাদের সঙ্গে যোগাযোগের কথা বললেও আক্রান্তরা আমাদের সাথে কোনও যোগাযোগ করেননি। তবে বিষয়টি সাভার মডেল থানাকে জানানো হয়েছে। শুনেছি তারা হোম কোয়ারেন্টিনে আছেন।