বাগেরহাট সংবাদদাতা।। সুন্দরবনে আবারো সংগঠিত হচ্ছেন বনদস্যুরা। প্রধানমন্ত্রী সুন্দরবনকে আনুষ্ঠানিকভাবে দস্যুমুক্ত ঘোষণা করলেও কার্যত এখনো পুরোপুরি তা দস্যুমুক্ত হয়নি। মুক্তিপণ আদায়ে জেলেদের ওপর বেড়েছে অত্যাচার-নির্যাতন।
জেলে-মৌয়াল অপহরণ ও বনরক্ষীদের সাথে গোলাগুলির মধ্য দিয়ে ‘রাজা-বাদশা’ নামের ওই দস্যুবাহিনী তাদের অস্তিত্ব জানান দিয়েছে।
গত এক সপ্তাহে পূর্ব সুন্দরবনের শরণখোলা এবং চাঁদপাই রেঞ্জে পৃথক তিনটি দস্যুতা ও গুলি বিনিময়ের ঘটনা ঘটিয়েছে নতুন এই বাহিনী। এতে বনের পেশাজীবীদের মাঝে নতুন করে আবার দস্যু আতঙ্ক দেখা দিয়েছে। দস্যুদের জিম্মিদশা থেকে আট জন জেলেকে উদ্ধার করেছে বনবিভাগ।