মৌলভীবাজার সংবাদদাতা।। করোনা ভাইরাস প্রতিরোধ ও ক্ষতিগ্রস্তদের মধ্যে জেলা পর্যায়ে চলমান ত্রাণ কার্যক্রম সুসমন্বয়ে দেশের প্রতিটি জেলায় সচিবদের দায়িত্ব দিয়েছে সরকার। মৌলভীবাজার জেলায় দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত হলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আমিনুল ইসলাম খান।
সোমবার (২০ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সিনিয়র সচিব ও সচিবদের মধ্যে সমন্বয় করে ৬৪ জেলার দায়িত্ব দিয়ে আদেশ জারি করা হয়েছে।দায়িত্বপ্রাপ্ত সচিবরা সমন্বয় কাজে তার মন্ত্রণালয়/ বিভাগ/ দফতর/ সংস্থার উপযুক্তসংখ্যক কর্মকর্তাকে সম্পৃক্ত করতে পারবেন বলে আদেশে বলা হয়েছে।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস স্বাক্ষরিত আদেশে বলা হয়, নিয়োগ করা কর্মকর্তারা জেলার সংসদ সদস্য, জেলা পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ ও প্রয়োজনীয় সমন্বয়সাধন করে করোনা সংক্রান্ত স্বাস্থ্য ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রম পরিচালনার কাজ তত্ত্বাবধান ও পরিবীক্ষণ করবেন।
এতে আরও বলা হয়, সমন্বয়ের মাধ্যমে প্রাপ্ত সমস্যা/চ্যালেঞ্জ অথবা অন্যবিধ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ/দফতর/সংস্থা কে লিখিতভাবে জানাবেন এবং মন্ত্রিপরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়কে নিয়মিত অবহিত করবেন।