গাজীপুর সংবাদদাতা।। গাজীপুরে কয়েকটি হাসপাতালে এ পর্যন্ত ২১ জন চিকিৎসক, ২৪ জন নার্স ও ৪৬ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সর্বশেষ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের এক চিকিৎসক, সিনিয়র নার্সও রয়েছেন।
এসব চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর নমুনা আইইডিসিআরে পাঠানো হলে সেখান থেকে তাদের রিপোর্ট পজিটিভ আসে।
এছাড়া কর্মকর্তাসহ ৩২ জন পুলিশ সদস্যও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা জোনের সহকারী পুলিশ কমিশনারসহ ২৫ জন এবং বাকি সাতজন গাজীপুর জেলা পুলিশের কালীগঞ্জ থানার পুলিশ সদস্য।
গাজীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মুহাম্মদ শাহীন জানান, প্রতিদিনই উপজেলার বিভিন্ন হাসপাতাল থেকে নমুনা ঢাকায় আইইডিসিআরে পাঠানো হচ্ছে। কিন্তু গত দুই দিন ধরে গাজীপুরে আক্রান্তদের তথ্য পাওয়া যাচ্ছে না। তবে গত সোমবার সর্বশেষ তথ্য অনুযায়ী এ পর্যন্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ ৯১ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসক রয়েছে ২১ জন, নার্স ২৪ জন ও স্বাস্থ্যকর্মী আছেন ৪৬ জন।