আমাদেরবাংলাদেশ ডেস্ক।। এবার দরিদ্র মুচি নিজের জমানো টাকা দিলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক দরিদ্র মুচি জমি কেনার জন্য দীর্ঘদিন ধরে জমানো টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান হিসেবে দিয়েছেন।
রংপুরের মিঠাপুকুরের এক দরিদ্র মুচি জমি কেনার জন্য দীর্ঘদীন ধরে জমিয়ে রাখা টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান হিসেবে দিয়েছেন। করোনায় দরিদ্র মানুষের খাবারের কষ্ট সহ্য করতে না পেরে দরিদ্র মিলন মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন ভূইয়ার হাতে সোমবার (২৭শে এপ্রিল) বিকেলে তার কষ্টার্জিত ২০ হাজার টাকা তুলে দেন।
মিলন মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়নের আব্দুল্লাপুর গ্রামের বাসিন্দা। এর মধ্য দিয়ে দেশের সঙ্কটকালীন মানুষের পাশে দাঁড়িয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন দলিত সম্প্রদায়ের দরিদ্র মুচি মিলন রবি দাস- এমনটাই বলছেন স্থানীয় বাসিন্দারা।
এদিকে, রংপুর ক্যান্ট পাবলিক স্কুলের তিন শিক্ষার্থী নিজেদের জমানো চার হাজার টাকা প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে জমা দিয়েছেন। সোমবার বিকেলে জেলা প্রশাসক আসিব আহসানের কাছে তারা নিজ হাতে তাদের জমানো অর্থ করোনাকালীন সঙ্কটে মানুষদের সহায়তায় তুলে দেন।
রংপুরের জেলা প্রশাসক বলেন, এভাবে সকলেই সরকারকে সহায়তা করলে কেউ না খেয়ে থাকবেনা। তবে, অর্থের বিচারে নয়, বিষয়টি মানবিক এবং এক ধরনের দৃষ্টান্ত।