বাগেরহাট সংবাদদাতা।। আবার পূর্ব সুন্দরবনে হরিণ শিকারের প্রস্তুতিকালে পাচার চক্রের ২ শিকারিকে আটক করেছে বন বিভাগ। এ সময় হরিণ শিকারের জন্য বনের ভেতর পেতে রাখা ১হাজার ৫শত ফুট নাইলনের দড়ির ফাঁদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। শুক্রবার দুপুরে শরণখোলা রেঞ্জের ডিমের চর এলাকা থেকে আটকের পর শনিবার দুপুরে তাদেরকে শরণখোলা রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়।
বনবিভাগের হাতে আটককৃত শিকারিরা হলো বরগুনার পাথরঘাটা উপজেলার পদ্মা স্লুইস গ্রামের খালেক মুন্সির ছেলে শফিক মুন্সি (২৮) ও বাদুড়তলা গ্রামের ফজলুল হক হাওলাদারের ছেলে মনির হাওলাদার (২৭)।
পূর্ব সুন্দরবনের বাগেরহাট জেলার শরণখোলা রেঞ্জ সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের বনরক্ষীরা ডিমের চরে অভিযান চালিয়ে ওই দুই শিকারিকে আটক করে। তাদের স্বীকারোক্তির পর হরিণ শিকারের জন্য বনের মধ্যে পেতে রাখা ১হাজার ৫শত ফুট নাইলনের দড়ির ফাঁদ উদ্ধার করা হয়। এদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে জানান এসিএফ।
ইতোপূর্বে গত ২৮ মার্চ সুন্দরবনের চরখালী থেকে ৫০০ ফুট, ১০ এপ্রিল কচিখালী থেকে ৫০০ ফুট, ১৭ এপ্রিল চান্দেশ্বর থেকে ৭০০ ফুট ফাঁদ ও ২৩ এপ্রিল শরণখোলা উপজেলার সোনাতলা গ্রাম থেকে ১০ কেজি হরিণের মাংস উদ্ধার করে বনরক্ষীরা।
সুন্দরবন সহ-ব্যবস্থাপনা কমিটির সদস্য আবুল আসলাম (তুহিন বয়াতি) বলেন, বনবিভাগের সীমিত লোকবল সুন্দরবন রক্ষায় যথেষ্ট নয়। তাই বনসংলগ্ন এলাকার মানুষদের বন ও জীববৈচিত্র্য রক্ষায় সচেতন ভাবে বনবিভাগকে সহযোগিতা করতে হবে।