তারিম আহমেদ ইমন অভয়নগর (যশোর) থেকে।। অভয়নগরে উপসর্গ ছাড়াই প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। ৭০ বছরের বৃদ্ধ ওই রোগীকে হাসপাতালের আলাদা কক্ষে আইসোলেশনে রাখা হয়েছে। সোমবার (৪এপ্রিল) রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। রাতেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লকডাউন করা হয়েছে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের পুড়াখালী গ্রামের দক্ষিণপাড়ার নন্দির বটতলা এলাকার তিনটি বাড়ি।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম মাহামুদুর রহমান রিজভী জানান, কোভিড-১৯ পজিটিভে আক্রান্ত বৃদ্ধের বয়স ৭০বছর। তাঁর শরীরে শ্বাসকষ্ট ছাড়া করোনাভাইরাসের কোন উপসর্গ ছিলনা। তিনি প্রায় ২৫ বছর ধওে শ্বাসকষ্টে ভুগছিলেন। গত এক সপ্তহ ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। গত শনিবার (২ মে) নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে
সোমবার সন্ধ্যায় তাঁর শরীরে করোনাভাইরাস পজেটিভ ধরা পড়ে। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখা হয়েছে। অবস্থা খারাপ হলে খুলনা মেডিকেল বা যশোর সদর হাসপাতালে প্রেরণ করা হবে। তিনি এখন ভালো আছেন। আজ মঙ্গলবার (৫এপ্রিল) সকালে ওই পরিবারের ১১জন সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম রফিকুল ইসলাম বলেন,
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুসেইন খাঁন স্যারের নির্দেশনায় সোমবার রাত আনুমানিক ১০টার সময় আক্রান্ত বৃদ্ধের বাড়িসহ পাশাপাশি তিনটি বাড়ি লকডাউন করা হয়েছে। তিনটি পরিবারের জন্য খাদ্য সহায়তা দেয়া হয়েছে। লাল পতাকা টানিয়ে এলাকাবাসীকে সতর্ক করা হয়েছে। এছাড়া ওই তিন বাড়ির ১১জন সদস্যকে ১৪দিনের হোম কোয়ারেন্টিনে থাকাতে বলা হয়েছে।
একাজে সহযোগিতা করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম মাহামুদুর রহমান রিজভী, অভয়নগর থানার ওসি মো. তাজুল ইসলাম, শ্রীধরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী মোল্যা, পুলিশ সদস্যসহ সাংবাদিকবৃন্দ।