সুনামগঞ্জ সংবাদদাতা।। সুনামগঞ্জ জেলায় একদিনে ২২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে সুনামগঞ্জ জেলায় করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ জনে। আজ মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামছু উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। একদিনেই ২২ জন রেকর্ড সংখ্যক করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্তের খবর প্রকাশ হওয়ার পর থেকে পুরো জেলা জোরে আতঙ্ক বিরাজ করছে। আতঙ্কের পাশাপাশি সবার মুখে মুখে বইছে আলোচনা আর সমালোচনার ঝড়।
জেলায় আজ(০৫ মে মঙ্গলবার) ২২ জন করোনা ভাইরাস শনাক্ত রোগীর মধ্যে এক চিকিৎসকসহ ও ২ জন স্বাস্থ্যকর্মী রয়েছে। সুনামগঞ্জ সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলা সদরসহ বিভিন্ন উপজেলা থেকে নমুনা সংগ্রহ করে বিভিন্ন সময়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো নমুনা পরীক্ষার ফলাফল (আজ ০৫ মে মঙ্গলবার) দেয়া হলে তাতে সুনামগঞ্জ জেলারই ২২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়।
এদের মধ্যে,তাহিরপুর উপজেলার ৬ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ৪ জন, শাল্লা উপজেলার ৫ জন, দিরাই উপজেলার ৩ জন, ছাতক উপজেলার ৩ জন ও বিশ্বম্ভপুর উপজেলার ১ জন রয়েছেন। এ ব্যাপারে সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, জেলা থেকে বিভিন্ন সময় পাঠানো নমুনা পরীক্ষার পর আজ জেলায় ২২ জনের করোনা রোগী শনাক্ত হয়েছে। আমরা করোনা পজিটিভ ২২ জনকে দ্রুত আইসোলেশনে নিয়া আসার জন্য ইতোমধ্যে প্রক্রিয়া শুরু করে দিয়েছি।