ঢাকা।। ডিজিটাল নিরাপত্তা আইনে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ও লেখক মুশতাক আহমেদকে রাজধানীর কাকরাইল ও লালমাটিয়া থেকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
র্যাব-৩ এর এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেওয়ায় কারণে গতকাল রাতে তাদের আটক করা হয়। আজ সকালে তাদের রমনা থানায় হস্তান্তর করা হয়েছে।
দুপুরে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, র্যাব-৩ এর একটি দল আটকদের রমনা থানায় হস্তান্তর করেছে।
মামলার তদন্ত কর্মকর্তা জামশেদুল ইসলাম বলেন, তাদেরকে আজ আদালতে হাজির করা হবে। এই মামলার ১১ জন আসামি। তাদের মধ্যে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।
কার্টুনিস্ট কিশোর তার ‘আমি কিশোর’ ফেসবুক অ্যাকাউন্টে দেশের করোনাভাইরাস পরিস্থিতিতে সরকারের ভূমিকা নিয়ে বিভিন্ন সমালোচনামূলক কার্টুন-পোস্টার পোস্ট করতেন। আর লেখক মুশতাক তার ফেসবুক অ্যাকাউন্টে কিশোরের সেসব পোস্টের কয়েকটি শেয়ার করেছিলেন।