নওয়াপাড়া(যশোর)সংবাদদাতা।। অভয়নগরের চলিশিয়া ইউনিয়নের ডুমুরতলা ও হাটবিলা গ্রামের মধ্যবর্তী একটি বিলের ফাঁকা জায়গায় র্যাবের সাথে গোলাগুলিতে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৭মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এসময় দুই র্যাব সদস্য আহত হন। নিহত মারুফ মোল্যা (২৬), অভয়নগরের বুইকরা গ্রামের ড্রাইভারপাড়ার মোসলেম মোল্যার পুত্র।
র্যাব-৬ অধিনায়ক লে: কর্ণেল রওশন কবীর জানান, উপজেলার চলিশিয়া ইউনিয়নের ডুমুরতলা ও হাটবিলা গ্রামের মধ্যবর্তী একটি বিলের ফাঁকা জায়গায় নিহত মারুফ মোল্যাসহ আরও ৩/৪জন মাদক ব্যবসায়ী ফেনসিডিল ভাগাভাগি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টিম মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। মাদক ব্যবসায়ীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। এতে ২জন র্যাব সদস্য আহত হন। পরবর্তীতে র্যাব সদস্যরা পাল্টা গুলি চালালে সহযোগিদের ছোঁড়া গুলিতে মারুফ মোল্যার ঘটনাস্থলেই নিহত হন। এসময় অন্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।
র্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও কয়েক বোতল ফেনসিডিল উদ্ধার করে। আহত র্যাবের দুই সদস্যকে খুলনায় নেভি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার ( ৮মে) সকালে অভয়নগর থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, র্যাবের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী মারুফ মোল্যা নিহত হয়েছেন। নিহতের লাশ যশোর মর্গে পাঠানো হয়েছে।