ধামরাই(ঢাকা)সংবাদদাতা।। ধামরাইয়ে পারিবারিক কলহের জের ধরে স্বামী মতিয়ার রহমানকে হত্যার অভিযোগে স্ত্রী-ছেলেকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- স্ত্রী কাজলী বেগম ও ছেলে রবিন হোসেন। রোববার (১০ মে) সকালে তাদেরকে আটক করা হয়। এর আগে রোববার ভোররাতে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বালিথা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মতিয়ার রহমান ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের বালিথা গ্রামের নান্দু ব্যাপারীর ছেলে।
ধামরাই থানার পুলিশ পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই মাসুদুর রহমান জানান, অভিযুক্ত কাজলী বেগমের বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগ ছিলো। এনিয়ে স্বামীর সাথে তার কলহ লেগেই থাকতো। এছাড়া মতিয়ারের ছোট ছেলে মাদকাসক্ত রবিনের সাথেও নানা বিষয়ে ঝগড়া লেগে থাকতো। এ ঘটনার জেরেই মতিয়ারকে হত্যা করা হয়ে থাকতে পারে।
এসআই আরো বলেন, অভিযুক্ত দুইজনকে আটক করা হয়েছে। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান তিনি।