ঢাকা।। বহুল প্রচারিত দৈনিক প্রথম আলোর আরো এক সংবাদকর্মী কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। সোমবার (১১ মে) ওই সংবাদকর্মীর শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়। প্রথম আলোর এক সিনিয়র রিপোর্টার এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে প্রতিষ্ঠানটির এক কর্মী করোনা আক্রান্ত হওয়ার পর সবাই নিজ নিজ বাসা থেকে কাজ করছেন। ফলে বিশেষ ব্যবস্থায় বের হচ্ছে পত্রিকাটি। তবে ওই সাংবাদিক ইতোমধ্যে সেরে উঠেছেন।
এদিকে দৈনিক ইত্তেফাকের আরো ছয় কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে সেখানে আক্রান্তের সংখ্যা ১২-তে পৌঁছেছে। এরা সবাই ঢাকার হেড অফিসে বসতেন।
পত্রিকাটির এক সিনিয়র সাংবাদিক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘করোনা সংক্রমণের পর এখন সবাইকে আর অফিসে যেতে হয় না। প্রতিদিন একজন করে রির্পোর্টার অফিস করেন। আর সবাই বাসা থেকে অনলাইনের মাধ্যমে কাজ করেন। রিপোর্টিং শাখা ছাড়াও অন্যান্য শাখায় সীমিত আকারে লোকবল অফিসে যায়।’
প্রথম আলো ও ইত্তেফাকের নতুন আক্রান্ত দিয়ে সারাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ৮৭ জন সংবাদকর্মী করোনায় আক্রান্ত হলেন। তবে এর মধ্যেই ১৪ জন সংবাদকর্মী সেরে উঠেছেন। আর একজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। দুজন সংবাদকর্মী করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।
গত শনিবার এটিএন নিউজের সিনিয়র এক রিপোর্টারের শরীরে করোনা সংক্রমন ধরা পড়ে। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতা।