নওয়াপাড়া(যশোর)সংবাদদাতা।। অভয়নগরে দুলাভাই কর্তৃক শ্যালককে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে। এঘটনায় আহত হয়েছের অপর দুজন। আহতদের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। থানায় অভিযোগের পর পুলিশ একজনকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধার পর উপজেলার কোটা গ্রামে।
অভিযোগসূত্রে জানাগেছে, কোটা গ্রামের ইমাদুল ইসলাম রুবেল ও তার ছোট ভাই ইমদাদুল ইসলাম জুয়েল তার পিতামাতাকে সাথে নিয়ে তাদের বসতবাড়িতে বসবাস করে আসছেন। তাদের দুলাভাই আসাদুজ্জামান লিটন তাদের বোনকে নিয়ে তাদের বাড়িতে থেকে একসাথে বসবাস করতে থাকেন। এক পর্যায়ে দুলাভাই লিটন কৌশলে তাদের পিতাকে লোভ দেখিয়ে শ্যালক ইমাদুল ইসলাম রুবেল ও ইমদাদুল ইসলাম জুয়েলকে বাড়ি থেকে বের করে দেয়ার পাঁয়তারা করতে থাকেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় এসব নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুলাভাই আসাদুজ্জামান লিটন লোহার রড এবং রামদা দিয়ে শ্যালক ইমদাদুল ইসলাম জুয়েলকে কুপিয়ে জখম করে। এসময় জুয়েলের স্ত্রী তুলি বেগমসহ অন্যরা এগিয়ে আসলে তাদেরকে এলোপাতাড়ি মারপিট করা হয়। স্থানীয়রা গুরুতর আহত জুয়েলসহ তার স্ত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত জুয়েল জানান, দীর্ঘদিন ধরে তার দুলাভাই তার পরিবারের মধ্যে শত্রুতা সৃষ্টি করে আসছিলেন। তারই জের ধরে এ ঘটনা ঘটে।
বিষয়টি সম্পর্কে থানা পুলিশের উপপরিদর্শক এজাজ মাহমুদ বলেন, দুলাভাই কর্তৃক শ্যালককে মারপিটের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। যার মামলা নং ৮। আমরা ইতোমধ্যে একজনকে আটক করেছি।