
লালমনিরহাট সংবাদদাতা।। লালমনিরহাটের আদিতমারীতে মানবিক সহায়তা কার্ডের তালিকা তৈরিতে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। আর এ অভিযোগ উঠেছে উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আলাল উদ্দিন আলালের বিরুদ্ধে।
এ ঘটনায় ওই ইউনিয়নের ৬ জন ইউপি সদস্য চেয়ারম্যান আলাল উদ্দিন আলালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানাগেছে ,মরণঘাতী করোনা ভাইরাসের কারণে সারাদেশে কর্মহীন ও অসহায় পরিবারগুলোর মাঝে খাদ্য সহায়তা দিতে সরকার মানবিক সহায়তা কর্মসুচি গ্রহণ করেছে। এদিকে ওয়ার্ড পর্যায় থেকে সুবিধা ভোগীর তালিকা করতে প্রতিটি ওয়ার্ডে পাঁচজন রাজনৈতিক ব্যক্তিত্বসহ ৯ সদস্যের মানবিক সহায়তা কমিটি গঠন করা হয়।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের জন্য এক হাজার একশ ১১ টি কার্ড বরাদ্দ দেয়া হয়। এসব কার্ডের বিপরীতে চেয়ারম্যান আলাল উদ্দিন আলাল প্রত্যেক সদস্যকে ৫৫টি করে কার্ড বরাদ্দ দেন। তবে মাহফুজা বেগম নামের সংরক্ষিত নারী সদস্যা অভিযোগ করেন তাকে একটি কার্ডও বরাদ্দ দেয়নি চেয়ারম্যান আলাল উদ্দিন আলাল।
এদিকে ইউপি সদস্যরা অভিযোগ করে বলেন, চেয়ারম্যান ৫৫টি করে মানবিক সহায়তা কার্ড বরাদ্দ দিলেও এসব নামের তালিকা জমা দিলেও তিনি তাদের মনোনীত কর্মহীন ও অসহায় পরিবারের নামগুলো কেটে দিয়ে নিজের পছন্দের তালিকা দিয়েছেন।
শুধু তাই নয়,অভিযোগ উঠেছে চেয়ারম্যান আলাল উদ্দিনের পিএস হিসেবে পরিচিত ছমির উদ্দিনের বিরুদ্ধে। তিনি মানবিক সহায়তা নামের তালিকায় ৫৩টি কার্ডে তার নিজের মোবাইল নম্বর ব্যবহার করেছেন। যা একেবারেই নিয়ম বহিভুত কাজ। এখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, উপকারভোগির মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। কিন্তু তিনি কৌশলে ওই ৫৩টি কার্ড নিজের জিম্মায় রাখার পরিকল্পনা করেছেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সুত্রে জানাগেছে, উপজেলার ৮টি ইউনিয়নে ১০ হাজার ৫১৬ জন উপকার ভোগীর তালিকা তৈরির নির্দেশ দেয়া হয়েছে। এসব তালিকা তৈরি করবেন প্রতিটি ইউনিয়নের মানবিক সহায়তা কমিটি। তারা কর্মহীন ও অসহায় পরিবারের তালিকা করার পর সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানের নিকট জমা দিবেন। পরে এসব তালিকা চেয়ারম্যানরা সুপারিশ করে উপজেলায় পাঠাবেন। কিন্তু এধরনের কোন নিয়মই মানা হচ্ছে না কমলাবাড়ী ইউনিয়নে বলে অভিযোগ উঠেছে। এখানে মৃত ব্যক্তির নামও তালিকা উঠেছে।
কমলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাল উদ্দিন আলালের অঘোষিত পিএস ছমির উদ্দিন মানবিক সহায়তা কার্ডে নিজের মোবাইল নম্বর ব্যবহারের সত্যতা নিশ্চিত করে বলেন, এসব বিষয় নিয়ে আপনার ( সাংবাদিক) এত মাথা ব্যথা কেন?
কমলাবাড়ী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সদস্য গাজী উদ্দীন বলেন, ৫৫টি নামের তালিকা দিলেও তার অধিকাংশ নামের তালিকা কেটে দিয়েছেন চেয়ারম্যান আলাল উদ্দিন আলাল। একই অভিযোগ ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুর রহমানেরও।
কমলাাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাল উদ্দিন আলাল বলেন, ইউপি সদস্যদের দেয়া তালিকাই চূড়ান্ত করা হয়েছে।
আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন এধরনের একটি অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, ইউপি সদস্যদের সাথে সমন্বয় না করা হলে তার দায়দায়িত্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে নিতে হবে।