তারিম আহমেদ ইমন।। অভয়নগরে সামাজিক দুরত্ব বজায় না রেখেই চলছে ঈদের কেনাকাটা। শিল্প ও বাণিজ্য শহর হিসেবে খ্যাত উপজেলার সবচেয়ে বড় বাজারটি হলো নওয়াপাড়া।
শনিবার (১৬মে) দুপুরে নওয়াপাড়া বাজারের বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায়, বাজারে ক্রেতাদের উপচে পড়া ভীড়। বিশেষ করে কাপুড়ে পট্টি, জুতা পট্টি ও চুড়ি পট্টিতে লোকের সমাগম সবচেয়ে বেশি। ঈদের কেনাকাটা করতে আসা ক্রেতারা মানছেন না কোনো স্বাস্থ্যবিধি।
ক্রেতাদের অনেকের মুখে নেই মাস্ক, নেই ন্যূনতম শারীরিক দুরত্ব। মার্কেটের প্রবেশ দ্বারে বসানো হয়নি জীবানুনাশক স্প্রের টানেল। খুলনার ফুলতলা উপজেলা থেকে ঈদের কেনাকাটা করতে আসা তৌফিক আহমেদ নামের এক ব্যক্তি জানান, খুলনা জেলার বিভিন্ন শপিং মল বন্ধ থাকায় তিনি তার বন্ধুবান্ধব নিয়ে নওয়াপাড়ায় ঈদের কেনাকাটা করতে এসেছেন। নওয়াপাড়া বাজারের বিক্রেতারা বলছেন, আমরা নিরুপায়, ক্রেতারা সচেতন নয়। করোনাভাইরাসের মহাদূর্যোগের এ পরিস্তিতিতে নওয়াপাড়া বাজারে এভাবে বেচাকেনা চলায় সচেতন মানুষের মাঝে বেড়েই চলেছে উদ্বেগ-উৎকন্ঠা।
ঈদের বাজারে প্রশাসনের নজরদারি নেই বললে চলে। ফলে ঝুঁকির মধ্যে পড়েছেন শহরবাসী। অনেকেই মনে করছেন, জনসমাগম এভাবে ঘটতে থাকলে করোনার সংক্রমণ অধিক হারে বেড়ে যেতে পারে। করোনা পরিস্থিতিতে সারা বিশ্বের মতো গোটা বাংলাদেশও যখন আতঙ্কে, তখন নওয়াপাড়া শহরের ঈদ মার্কেটে কারও মাঝে নেই উদ্বেগের ছাপ। বিভিন্ন মার্কেটের ক্রেতা-বিক্রেতার এ অবস্থা দেখে দেশ যে করোনার মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছে সেটিও বোঝার কোনো উপায় নেই।
বিষয়টি সম্পর্কে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম মাহমুদুর রহমান রিজভী জানান, স্বাস্থ্যবিধি মেনে না চললে করোনা সংক্রমণ রোধ করা কোনক্রমেই সম্ভব নয়। তিনি ঈদের মার্কেটে ক্রেতা ও বিক্রেতাদের সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।