সিরাজগঞ্জ সংবাদদাতা।। সিরাজগঞ্জ ও মৌলভীবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে এই দুটি দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরো ১১ জন।
নিষেধাজ্ঞা সত্ত্বেও করোনায় ঝুঁকি নিয়ে ঈদ করতে ঢাকা থেকে উত্তরাঞ্চলের দিকে ঘরমুখো যাত্রীদের ভিড়। এরইমধ্যে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জের ঢাকা-রাজশাহী মহাসড়কের নলকায় পণ্যবাহী ট্রাক উল্টে চার আরোহী নিহত হন। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হলেন- দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার রামপুড়া গ্রামের আবু সাঈদের ছেলে আলী আকবার ও তার স্ত্রী নুরজাহান বেগম এবং অপরজন জয়পুরহাট জেলার পাঁজবিবি উপজেলার সোহেল রানা হোসেন।
পরে উদ্ধারকৃত অজ্ঞাত পরিচয়ের আহত অপর এক নারী সিরাজগঞ্জ ২৫০ শয্যা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে মারা গেছেন। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি খায়রুল ইসলাম জানান, ভোজ্য সয়াবিন তেল পরিবহনকারী একটি ট্রাক ঢাকা থেকে দিনাজপুর যাওয়ার পথে মহাসড়কের ওই স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হন। আহত হন আরো দুইজন। খবর পেয়ে আহতদের উদ্ধার করে জেলা সদরের হাসপাতালে পাঠানো হয়। পরে আরো এক নারীর মৃত্যু হয়। ঘটনাস্থলে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে হাটিকুমরুল হাইওয়ে থানায় রাখা হয়েছে।
তিনি আরো জানান, সতর্ক করার পরও থেমে নেই ট্রাকে যাত্রী পরিবহন। সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও করোনায় ঝুঁকি নিয়ে ঢাকা থেকে ঈদে বাড়ি যাওয়ার পথে প্রাণ গেল ওই তিনজনের। ট্রাকটি উদ্ধার করা হলেও হেলপার ও চালক পালিয়ে গেছেন। দুর্ঘটনার পর ঘণ্টাখানেক যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে স্বাভাবিক হয়।
এদিকে, মৌলভীবাজারের রাজনগর উপজেলার গোবিন্দবাটি এলাকায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো নয়জন। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আফরোজা হোসেন নিশু ও বদরুজ্জামান। নিহত দুইজনই বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক। নিহত ও আহত সবাই রাজশাহী জেলার বাসিন্দা। তারা সবাই বড়লেখার উপজেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
জানা গেছে, সেহরির পর বড়লেখা থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেন মাইক্রোবাসের যাত্রীরা। সকালের দিকে রাজনগর উপজেলার গোবিন্দবাটি এলাকায় মাইক্রোবাসের নিয়ন্ত্রণে হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নারীসহ দুইজন নিহত হন। আহত হন নয়জন। তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।রাজনগর থানার ওসি আবুল হাসেম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।