ঢাকা।। আবহাওয়া অনুকূলে না থাকা এবং করোনার সংক্রমণ ঝুঁকি কমাতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ৩০ ঘন্টা ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল বুধবার (২০ মে) সকাল ৮টা থেকে বন্ধ হওয়া ফেরি আজ বৃহস্পতিবার (২১ মে) দুপুর ৩ টার সময়ও চালু করতে পারেনি কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারি নির্দেশনায় বুধবার সকাল ৮ থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে আবাহাওয়া অনুকূলে না আসায় বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত চালু করা যায়নি। আবহাওয়া স্বাভাবিক এবং সরকারি নির্দেশনা পেলে ফেরি পুনরায় চালু করা হবে। লম্বা সময় ধরে ফেরি চলাচল বন্ধ থাকায় দুই শতাধিক পণ্যবাহী ট্রাক ছাড়া পাটুরিয়ায় অন্যকোন যানবাহন নেই।
এদিকে বৃহস্পতিবারও পুলিশের চোখ ফাঁকি দিয়ে অনেক ঘরমুখো মানুষ পাটুরিয়ায় যাচ্ছে। কিন্তু লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ থাকায় তারা নদী পারি দিতে পারছেন না। পুলিশ ও উপজেলা প্রশাসন এ ধরনের যাত্রীদের বাসে করে ঢাকার দিকে ফেরত পাঠাচ্ছে।
মানিকগঞ্জ পুলিশ প্রশাসন ঢাকা- আরিচা মহাসড়কের একাধিক স্থানে চেক পোস্ট বসিয়ে পণ্যবাহী ট্রাক ছাড়া সব ব্যক্তিগত যানবাহন মানিকগঞ্জ এলাকায় প্রবেশ করতে দিচ্ছে না। আবার লম্বা সময় ধরে ফেরি চলাচল বন্ধ থাকায় অনেক জুরুরি পণ্যবাহী ট্রাক বিকল্প সড়ক দিয়ে যাতায়াত করছে।
একাধিক ট্রাক চালকরা জানান, ২-৩ দিন ধরে পাটুরিয়া ঘাটে নদী পারাপারের অপেক্ষায় আছেন। ঘাট এলাকায় দোকান পাট বন্ধ থাকায় তাদের কষ্ট করতে হচ্ছে। সেই সাথে পচনশীল পণ্য নিয়ে তারা পড়েছেন বিপাকে।