মহসিন আজাদ।। টানা কয়েকদিন বন্ধ থাকার পর চালু হয়েছে পদ্মার দুই ঘাটের ফেরি চলাচল। ঈদে ঘরমুখো যাত্রীদের স্রোত নেমেছে নৌরুটগুলোতে। বানের জলের মতো গ্রামে পথে ছুঁটছেন তারা। গণপরিবহণ বন্ধ থাকায় ফেরিতে চাপ বেড়েছে ব্যাক্তিগত ছোট যানবাহন ও পণ্যবাহী ট্রাকের।
টানা তিনদিন বন্ধ থাকার পর কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। লঞ্চ ও স্পীডবোট বন্ধ থাকায় শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই ফেরিতে যাত্রীদের ভীড় দেখা গেছে।
রাজধানী ঢাকা থেকে জীবনের ঝুঁকি নিয়ে ঈদকে সামনে রেখে ফিরতে শুরু করেছে শ্রমজীবী পরিবারের সদস্যরা। গণপরিবহন বন্ধ থাকার কারণে কাঁঠালবাড়ি ঘাটে এসে বিপাকে পড়ছেন যাত্রীরা। কেউ পায়ে হেঁটে, আবার কেউ ছোট যানবাহনে করে নিজ নিজ গন্তব্যে ছুঁটছেন। বেড়েছে ছোট যানবাহন ও পণ্যবাহী ট্রাকের চাপ। সরকারের ঘোষণা অনুযায়ী লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকলেও ফেরীযোগে পাড়ি দিচ্ছে সাধারণ যাত্রীরা। ছোট যানবাহন ও পণ্যবাহী ট্রাকের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ১৭টি ফেরির মধ্যে ১২টি ফেরি চালু রেখেছে ঘাট কর্তৃপক্ষ।
এদিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটেও ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিআইডাব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানিয়েছেন, বৃহস্পতিবার (২০ মে) দিবাগত রাত ১১টার দিকে এ রুটে ফেরি চলাচল শুরু হয়। বর্তমানে এ রুটে ১৪টি ফেরি চলাচল করছে।
সকালের পর থেকে এই রুটে যাত্রী ও যানবাহনের চাপ তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ঘরমুখো যাত্রীদের চাপ।