নিজস্ব প্রতিবেদক।। সাভারের আশুলিয়ায় করোনাভাইরাস প্রাদুর্ভাবে অসহায় হয়ে পড়া তিনশত প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন পাথালিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য (মেম্বার) শফিউল আলম সোহাগ।
গতকাল (২১ মে) থেকে চলমান এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করে আসছেন তিনি। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকাল থেকে আশুলিয়ার কুরগাঁ, চারিগ্রাম, নিরিবিলি এলাকায় এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
জানা যায়, ঈদ উপহার হিসেবে দশ কেজি চাল, এক কেজি পোলাও চাল, ডাল, আলু, পেয়াজ, তেল, সেমাই, দুধ, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করা হয়। এসময় আশুলিয়ার প্রায় ২৫ টি কিন্ডারগার্টেন ও ৫ টি মাদ্রাসার ৩০০ জন শিক্ষক ও কর্মচারীদের হাতে এসব ঈদ উপহার তুলে দেয়া হয়।
এ ব্যাপারে ইউপি সদস্য শফিউল আলম সোহাগ জানান, ‘আশুলিয়া শিল্পাঞ্চল হওয়ায় কারখানা বন্ধ থাকায় বিদ্যালয়ের স্কুল শিক্ষকদের বেতন ও ভাতা দিতে গিয়ে বিপাকে পড়েছেন অনেক শিক্ষাপ্রতিষ্ঠান। অন্যদিকে বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন অনেক শিক্ষকরা। আর মানবেতর জীবনযাপন করা এসব বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে ক্ষুদ্র প্রয়াসে ঈদ উপহার দিচ্ছি। দেশের আগামী জাতি তৈরি এসব কারিগরদের জীবন উন্নয়নে বিভিন্ন সময়ে সহযোগিতা করে যাচ্ছি।’
ইউপি সদস্য আরও জানান, ‘সমাজের পিছিয়ে পড়া লোকদের উন্নয়নে আমাদের এসব উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম চালিয়ে যাব। কারো একার পক্ষে সকলের চাহিদা পূরণ সম্ভব নয়। সমাজের বিত্তবানদের এসময় এগিয়ে আসার আহবান জানান তিনি।’
উপহার পাওয়া শিক্ষকরা এসময় ইউপি সদস্যকে ধন্যবাদ জানান।