জয়পুরহাট সংবাদদাতা।। জয়পুরহাটে ছিরাতুন্নেছা নামে ৮০ বছরের এক বৃদ্ধাকে রাস্তায় ফেলে রেখে যাওয়ার অভিযোগে তার তিন ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। ওই বৃদ্ধা জয়পুরহাট পৌর শহরের জানিয়ার বাগান এলাকার মৃত নূর মোহাম্মদ মোল্লার স্ত্রী।
ঈদের দিন (২৫ মে) অচল প্রায় ছিরাতুন্নেছাকে রাস্তায় আহাজারি করতে দেখে স্থানীয়রা ৯৯৯ নাম্বারে ফোন করেন। রাতে পুলিশ তাকে উদ্ধার করে জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সেফ হোমে রেখে আসে।
এ ঘটনায় সোমবার রাতেই বৃদ্ধার নাত-বৌ শিল্পী আক্তার বাদী হয়ে তার শ্বশুর ও চাচা শ্ব^শুরদের বিরুদ্ধে মামলা করেন। পরে বৃদ্ধার তিন ছেলেকে গ্রেফতার করে পুলিশ। আটককৃতরা হলেন- আব্দুর রাজ্জাক, মোয়াজ্জেম হোসেন ও মোজ্জামেল হক।
পুলিশ জানায়, আটককৃতরা কৌশলে তাদের মায়ের নামের সব জমি নিজেদের নামে লিখে নিয়েছে। এরপর থেকে ছেলেরা ৮০ বছরের ওই বৃদ্ধা মায়ের ভরণপোষণে অবহেলা, গালমন্দ, মানষিক নির্যাতনসহ তার প্রতি চরম অমানবিক আচরণ করতে থাকেন। এক পর্যায়ে মায়ের ভরণরপাষণ করাবে না বলে সিদ্ধান্ত নেয় ছেলেরা।
ঈদের দিন সকালে জয়পুরহাট-আক্কেলপুর সড়কের পাশে বৃদ্ধা মাকে ফেলে রেখে চলে যায় তিন ছেলে। পরে ৯৯৯ নাম্বারে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বৃদ্ধাকে উদ্ধার এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। বৃদ্ধাকে এখন জয়পুরহাট কারীগরি প্রশিক্ষন কেন্দ্রের সেফ হোমে রাখা হয়েছে।