নোয়াখালী সংবাদদাতা।। নোয়াখালীর সোনাইমুড়ীতে ২ নম্বর নদোনা ইউনিয়ন থেকে বন্দুক, এলজি, চাইনিজ কুড়ালসহ ২৭টি দেশীয় অস্ত্রসহ জাবেদ ও সাব্বির নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৯ মে) দিনগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জাবেদ ও সাব্বির ওই গ্রামেরই বাসিন্দা।
শনিবার (৩০ মে) সকালে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সামাদ এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৯ মে) দিনগত রাতে ওই ইউনিয়নের উত্তর শাকতলা গ্রাম থেকে জাবেদ ও সাব্বিরকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী গ্রামে সাব্বিরের নিজ বাড়ির রান্নাঘর থেকে ২৭টি দেশীয় অস্ত্র জব্দ করা হয়। যার মধ্যে রয়েছে বন্দুক, এলজি, বোর কার্তুজ, চাইনিজ কুড়াল, তলোয়ার, কিরিচ, বড় ছুরি, রামদা ও ধামা।
তিনি আরো বলেন, গ্রেপ্তার ওই দুইজনের বিরুদ্ধে ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ইউসুফকে হত্যাচেষ্টার ও পুলিশের গাড়ি ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া তাদের নামে অস্ত্র আইনে নতুন মামলা দায়েরের প্রস্তুতি চলছে।