নোয়াখালী সংবাদদাতা।। নোয়াখালীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে তিনজনের মৃত্যু হয়েছে। করোনায় জেলায় এ পর্যন্ত মোট ১৭ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৭৬৯ জন।
তিনি বলেন, গত ৩০ ও ৩১ মে আক্রান্তদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ল্যাবে পাঠানো হয়। পরে সোমবার রাতে তাদের রিপোর্ট আসলে তাতে করোনা পজিটিভ আসে।
জেলায় আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ৩৯ জনকে মাইজদী শহিদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী করোনাভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। ৬২৬ জন নিজ নিজ বাড়িতে চিকিৎসা সেবা নিচ্ছেন। ৮৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ১৭ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।
তিনি আরো বলেন, শনাক্ত হওয়া প্রায় সবাই জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন। এমন খবরের ভিত্তিতে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল। সে নমুনায় তাদের করোনা পজিটিভ আসে।
নোয়াখালীতে করোনাভাইরাসের সংক্রমণের হার বেড়ে যাওয়ায় জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনী বাজার তৃতীয় দফায় লকডাউন করা হয়েছে আগামী ৭ জুন পর্যন্ত।