জাফর আহমদ।। গণপরিবহনে চলাচলে অর্ধেক আসন খালি রাখাসহ ১১টি শর্ত বেঁধে দিয়েছে সরকার। সেই সাথে বাসের ভাড়া সমন্বয় করে ৬০ শতাংশ বৃদ্ধিরও ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন এই বাড়তি ভাড়া নিয়েই প্রায় দুই মাস পর রাজধানীতে শুরু হয়েছে গণপরিবহন চলাচল। তবে সামাজিক দূরত্ব অর্থাৎ স্বাস্থ্য বিধি উপেক্ষা করে চলাচল করছেন অধিকাংশ মানুষ। ফলে ঝুঁকি থেকেই যাচ্ছে।
আজ মঙ্গলবার (০২ জুন) সকাল থেকেই অফিসগামী মানুষদের রাজধানীর বিভিন্ন বাস স্টপজে আসে। মানুষজনের মাঝে তুলনামূলক সচেতনতা থাকলেও তাড়াহুড়ো করে বাসে উঠতে গিয়ে তা অনেকটাই ঝূঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। এছাড়া সরকারি বিধি অনুযায়ী নির্দিষ্ট দূরত্বে যাত্রীদের বসানোর নিয়মও মানছে না অনেক গণপরিবহন।
এদিকে গণপরিবহনের পাশাপাশি সারাদেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশে দূরপাল্লার পরিবহনও ঢাকা ছেড়েছে। সেই সঙ্গে ব্যক্তিগত গাড়ি এবং ভাড়ায় চালিত মাইক্রোবাস, মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা, রিকশা, ইজিবাইক চলাচলও ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে।
মন্ত্রণালয়ের সিদ্ধান্তে বলা হয়, দূরপাল্লার পথে বর্তমান ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৪২ পয়সা। এর সঙ্গে যুক্ত হবে বর্ধিত ৬০ শতাংশ। এ ছাড়া দূরপাল্লার পথে থাকা সড়ক ও সেতুর টোলও মোট ভাড়ার সঙ্গে যুক্ত হবে।