ঢাকা।। করোনায় মৃত ব্যক্তিদের পারিবারিক কররস্থানে দাফন করা যাবে, তবে এ ক্ষেত্রে পূর্ণাঙ্গ নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বুধবার (৩রা জুন) দুপুরে, স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন পড়েন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এসময় তিনি জানান, এই মৃতদেহ নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী নিয়ম মেনে সতর্কতা অবলম্বন করে দাফন বা সৎকার করা যায়। বিধি মেনে পারিবারিক কবরস্থানেই মৃতদের দাফন করা যাবে। কোভিড আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের জন্য আলাদা কবরস্থানের প্রয়োজন নেই। সেক্ষেত্রে ডেডবডি ব্যাগে অথবা বডিব্যাগ না পাওয়া গেলে ভালো করে পলিথিন দিয়ে মুড়িয়ে দাফন সম্পন্ন করতে হবে। দাফন সংক্রান্ত তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে আছে।
এসময় দেশে প্রতিদিনের করোনা পরিস্থিতির তথ্য তুলে ধরে নাসিমা সুলতানা জানান, কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি হলো ৭৪৬ জনের। আর, ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ২,৬৯৫ জন। ফলে, এ পর্যন্ত এ প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত মোট ৫৫ হাজার ১৪০ জন শনাক্ত হলেন। আর, গত ২৪ ঘন্টায় আরও ৪৭০ জন করোনা থেকে সুস্থতা লাভ করেছেন। এ নিয়ে মোট ১১ হাজার ৫৯০ জন সুস্থ হয়েছেন।
তিনি আরও জানান, মারা যাওয়াদের মধ্যে ২৮ জন পুরুষ ও ৯ জন নারী। গত ২৪ ঘন্টায় আইসোলেশনে পাঠানো হয়েছে ৩৯৫ জনকে। বর্তমানে সারা দেশে আইসোলেশনে আছেন ৬,৪৯৮ জন।