মনিরামপুর(যশোর)অফিস।। যশোরের মণিরামপুরে পানিতে ডুবে ফাহিম হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার গালদা হানেফ মোড়ে এঘটনা ঘটে।ফাহিম একই উপজেলার রঘুনাথপুর গ্রামের সোহাগ হোসেনের ছেলে। সে মাহমুদকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র ।
ফাহিম সেখানে মায়ের সাথে নানা বাড়ি বেড়াতে গিয়েছিল। স্থানীয় ইউপি সদস্য ইকরামুল কবিরসহ স্বজনরা জানান, বুধবার (৩ জুন) বিকেলে মা কাকলি খাতুনের সাথে গালদা গ্রামে নানা তবিবুর রহমানের বাড়িতে বেড়াতে যায় ফাহিম। বৃহস্পতিবার (৪ জুন) সকালে খেলাধুলা শেষে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নামে সে। একপর্যায়ে মা কাকলি ছেলেকে পানিতে ডুবে যেতে দেখে চিৎকার দেন।
তখন আশপাশের লোকজন এসে শিশুটিকে উপরে তুলে আনেন। তার কিছুক্ষণপর বেলা ১০টার দিকে ফাহিমের মৃত্যু হয়। খেদাপাড়া ক্যাম্প পুলিশের আইসি এসআই খাইরুল জানান, গালদা গ্রামে পানিতে ডুবে একটি শিশুর মৃত্যুর খবর পেয়েছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি।